কাহারোলে অবৈধ দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হলো ৩টি অর্পিত পুকুর। ★মো: জয়নুল আবেদীন বাপ্পি দিনাজপুর জেলা প্রতিনিধি। দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দইল মৌজায় অবস্থিত তিনটি অর্পিত পুকুর অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিহার আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুকুর তিনটি অবৈধ দখলমুক্ত করে সরকারের অনুকূলে পুনরুদ্ধার করা হয়। উদ্ধারকৃত পুকুরগুলোর মধ্যে দাগ নং-১০০৭-এর পরিমাণ ২.০৮ একর, দাগ নং-১০৬০-এর পরিমাণ ১.৩২ একর এবং দাগ নং-১২৬৮-এর পরিমাণ ১.০৫ একর। জানা গেছে, দীর্ঘদিন ধরে পুকুরগুলো অবৈধভাবে দখল করে ভোগদখল করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ দখলদারদের কাছ থেকে পুকুরগুলো উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়।