ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা ঢাকা, ২০ জুলাই ২০২৬: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি এবং সারাদেশে এর বিস্তৃত বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ধাপে ধাপে দেশের সব অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা স্বচ্ছ, কার্যকর ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলা অত্যন্ত জরুরি। এজন্য তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করার নির্দেশনা দেন তিনি। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসূচির বর্তমান অগ্রগতি তুলে ধরেন এবং দ্রুত ও সুষ্ঠুভাবে সারাদেশে কার্যক্রম সম্প্রসারণের জন্য বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।