বাঁশখালীতে বন্যার্তদের মাঝে মফস্বল সাংবাদিক সোসাইটির ত্রাণ বিতরণ

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে মফস্বল সাংবাদিক সোসাইটির ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী:
দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার কবলে পড়া অসহায় ও বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। আজ শুক্রবার (১৭ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা এলাকায় এই জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএমএসএস-এর চেয়ারম্যান মো. সুমন সরদার, মহাসচিব মীর দিনার হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক মো. ওয়ালিউল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বন্যার্তদের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
সংগঠনের চেয়ারম্যান মো. সুমন সরদার বলেন, "মাত্র ৪৮ ঘণ্টার দ্রুত সিদ্ধান্তে সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।" এ সময় তিনি আদ্ব-দীন মেডিকেল (খুলনা), মাদার কেয়ার, বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস ভূঁইয়া ও ফিরোজ ভূঁইয়াসহ এই কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতাকারী সকল গণমাধ্যমকর্মী ও নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুর্যোগপূর্ণ এই সময়ে মানুষের দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামীতেও বিএমএসএস-এর এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
Source: https://dailyflashnews.xyz/news/11
